শীতলপাটি, নকশিকাঁথা, টেরাকোটা, বাঁশ-বেতের কাজ ও কাঠের খেলনার মতো ঐতিহ্যবাহী পণ্যকে ঘিরে বড় অঙ্কের অর্থনীতি গড়ার পরিকল্পনা করছে সরকার। সৃজনশীল অর্থনীতি নিয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার কার্যপত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠকে এ পথনকশা তুলে ধরা হয়। বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা তাতে অংশ নেন। এর আগে মন্ত্রীর সভাপতিত্বে ২৭ সদস্যের ‘ক্রিয়েটিভ অর্থনীতিবিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির কাজ খাতভিত্তিক রোডম্যাপ অনুমোদন, বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও মন্ত্রণালয়গুলোর কাজের সমন্বয়।
সূত্র জানায়, কার্যপত্র অনুযায়ী অর্থ বিভাগ একটি সময়ভিত্তিক খসড়া কর্মপরিকল্পনা তৈরি করেছে। এতে স্বল্পমেয়াদ এক বছর, মধ্যমেয়াদ তিন বছর ও দীর্ঘমেয়াদ পাঁচ বছর ধরা হয়েছে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খসড়া তৈরি এবং ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে স্টিয়ারিং কমিটির অনুমোদন নেওয়ার প্রস্তাব করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় মৃৎশিল্প, শীতলপাটি, কাঠের খেলনা, হাতে তৈরি গয়না, টেরাকোটা, নকশিকাঁথা এবং বাঁশ ও বেত শিল্পসহ স্থানীয় ঐতিহ্যভিত্তিক পণ্য চিহ্নিত করার ওপর জোর দেওয়া হয়েছিল; সেসব পণ্য নিয়েই পাইলট কর্মসূচি নেওয়া হচ্ছে।
পণ্যের নকশা উন্নত করতে বিসিকের নেতৃত্বে ‘ন্যাশনাল পুল অব ডিজাইনার্স’ গঠন করা হচ্ছে। বিসিকের নকশাকেন্দ্র আধুনিকায়নে প্রকল্পের খসড়া ডিপিপি তৈরি হচ্ছে। পর্যটন খাতে কক্সবাজারে পর্যটন করপোরেশনের মোটেল লাবণী কম্পাউন্ডের ৩ দশমিক ৮৪ একর জমিতে রন্ধনশিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট ও হোটেল নির্মাণের ডিপিপি ৮ অক্টোবর পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। ঐতিহ্য পুনরুদ্ধারে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পানামনগর ও বড় সর্দার বাড়ির স্থাপনা সংস্কার করে আন্তর্জাতিক উৎসব আয়োজনের কথাও প্রাথমিকভাবে ঠিক হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পরিকল্পনা কাগজে আকার পেয়েছে; এখন চ্যালেঞ্জ হলো সময়মতো রোডম্যাপ চূড়ান্ত করা, একাধিক মন্ত্রণালয়ের সমন্বয় রক্ষা করা এবং ডিপিপিগুলোর দ্রুত অনুমোদন। সৃজনশীল অর্থনীতিবিষয়ক কোনো প্রকল্প নেওয়ার আগে ধারণাপত্র স্টিয়ারিং কমিটিতে উপস্থাপন করে পরামর্শ নিতে হবে—এমন একটি নতুন শর্তও থাকছে।