কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতের ৫১১ উদ্যোক্তাকে ঋণ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনের সম্মেলনকক্ষে এ ঋণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।
বিসিক জানিয়েছে, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, বিদ্যমান প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ঋণ দেওয়া হচ্ছে। এতে নতুন ও বিদ্যমান প্রতিষ্ঠান মিলিয়ে ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। নতুন ২৭৬ উদ্যোক্তার জন্য বরাদ্দ ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা, আর পুরোনো ২৩৫ উদ্যোক্তা পাবেন ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা। নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা এবং পুরুষ উদ্যোক্তারা পাবেন ৭ কোটি ৬৩ লাখ টাকা।
বিসিকের তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চার আঞ্চলিক কার্যালয়ের আওতায় ঋণ বিতরণ করা হচ্ছে। ঢাকা অঞ্চলের ১৮১ জন পাবেন ৪ কোটি ৭৯ লাখ টাকা, খুলনা অঞ্চলের ১২৩ জন ৩ কোটি ৭৩ লাখ টাকা, রাজশাহী অঞ্চলের ১১৮ জন ৩ কোটি ৩৫ লাখ টাকা এবং চট্টগ্রাম অঞ্চলের ৮৯ জন ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা।
শিল্পমন্ত্রী বলেন, বিসিক এখন ২ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিতে পারে; এর বেশি হলে জামানত লাগে। জেলা পর্যায়ে ঋণের সীমা ৫ লাখ টাকা, এর ঊর্ধ্বে বিসিক ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারে। ভবিষ্যতে জামানতবিহীন ঋণ কতটা বাড়ানো যায়, তা পর্যালোচনা করা হবে। ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি বলেও জানান তিনি।
ঋণ কর্মসূচির আওতায় ১৪টি শিল্প খাতের উদ্যোক্তারা সুবিধা পাচ্ছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২০ জন খাদ্য ও খাদ্যজাত শিল্পের এবং ১২২ জন বস্ত্র ও বস্ত্রজাত শিল্পের উদ্যোক্তা। আগামী পাঁচ বছরে আরও ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা করেছে বিসিক, যাতে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে সংস্থাটির আশা।