সম্প্রতি উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাঁদের উত্তরপত্র আবারও যাচাই করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বৃহস্পতিবার এ কথা জানান।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুনরায় যাচাইয়ের মাধ্যমে ফল পরিবর্তনের কারণ চিহ্নিত করা হবে। পরীক্ষকদের কোনো ভুল পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, আর যাঁদের প্রশিক্ষণ প্রয়োজন, তাঁদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।
মন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণেও ফল বদলেছে। কেউ ফেল থেকে পাস করেছেন, কেউ জিপিএ-৫ পেয়েছেন। শুধু ফল বদলেছে বলেই বিষয়টি শেষ হয়ে যায় না; পরীক্ষকেরা খাতা যথাযথভাবে মূল্যায়ন করতে পেরেছেন কি না, তা-ও খতিয়ে দেখতে হবে।
কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সনদ বিক্রির অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে। শিক্ষার্থীর ভর্তি থেকে সনদ দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় নজরদারি প্রয়োজন। তাঁর ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করবে এবং সেই অনুযায়ী সনদ দেওয়ার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, শিক্ষা খাতের বরাদ্দকে খরচ হিসেবে না দেখে মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।