মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণার পর দ্বিতীয় দিনের মতো গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পুলিশ ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নেন এবং একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। এরপর বেলা ১১টার দিকে নাওজোড় এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবর্জনায় আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করেন।
এ সময় শ্রমিকেরা শিল্প পুলিশের এক পরিদর্শককে অবরুদ্ধ করে রাখেন এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন। তিনি বলেন, নাওজোড়, ভোগড়া ও সালনা এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন; পরে বল প্রয়োগ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। নাওজোড়ের ব্যবসায়ী আকবর আলী দাবি করেন, শ্রমিকদের সঙ্গে বহিরাগত লোকজন যোগ দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই পরিদর্শককে উদ্ধার করা হয়।
শ্রীপুরের নয়নপুর এলাকায় ডিবিএল সিরামিক কারখানার সামনেও শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে মিছিল করেন। শ্রমিক নাজমুল ইসলাম বলেন, কারখানা ছুটি ঘোষণার পর বাড়ি ফেরার পথে লাঠিসোঁটা নিয়ে কয়েকজন তাঁদের ওপর হামলা চালান; এর প্রতিবাদে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির জানান, কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এদিকে শ্রমিক পরিচয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার অভিযোগ তুলে নয়নপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা মিছিল করেছেন।
শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কোনাবাড়ি ও পল্লী বিদ্যুৎ এলাকাসহ মহানগরীর কয়েকটি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুরসহ কয়েকটি এলাকার কারখানায় তিন দিনের ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে জেলার অন্তত ৩০টি কারখানা আজকের জন্য বন্ধ রয়েছে।