শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় নেতা ও সেবাকর্মী পাবেন সম্মানী; ২ ডিসেম্বর কুষ্টিয়ায় দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, চলতি অর্থবছরে এ কর্মসূচিতে বরাদ্দ ১ হাজার ১০০ কোটি টাকা; ইমাম পাবেন মাসে ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার ও খাদেম ২ হাজার টাকা।

দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি মিলবে।

উপদেষ্টা জানান, ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার অর্থবছরের মধ্যে সব ধর্মীয় প্রতিষ্ঠানকে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। চলতি অর্থবছরের প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা।

নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা ও খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন। উপদেষ্টা বলেন, গ্রামীণ জনপদে অনেক ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সীমিত আয়ে দায়িত্ব পালন করেন; নিয়মিত সম্মানী পেলে তাঁদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ কার্যক্রম পাইলট প্রকল্প হিসেবে শুরু হয় চলতি বছরের ১৪ মার্চ, যখন প্রধানমন্ত্রী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম ধাপে ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মী এর আওতায় আসেন; তাঁদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম ও ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন। কুষ্টিয়ার পর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতাদের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী। স্বচ্ছতা নিশ্চিত করতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারের মাধ্যমে সরাসরি সরকার থেকে ব্যক্তির হিসাবে অর্থ পাঠানো হবে।