দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০ হাজার কোটি টাকার এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব গড়তে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের প্রচার ও বাস্তবায়ন নিয়ে পাবনায় টাউন হল সভা হয়েছে। গতকাল বুধবার পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অগ্রণী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম এবং পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস।
আয়োজকেরা জানিয়েছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পাবনা শাখা এবং অগ্রণী ব্যাংক পিএলসির পাবনা আঞ্চলিক কার্যালয় লিড ব্যাংক হিসেবে অনুষ্ঠানটি সমন্বয় করেছে। সভায় পাবনা এলাকায় কর্মরত তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও ব্যবস্থাপকেরা এবং তিন শতাধিক কৃষি ও এসএমই উদ্যোক্তা অংশ নেন।
এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বিএডিসি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। আয়োজকদের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কিমের কার্যকর প্রচার-প্রচারণা ও সফল বাস্তবায়নই ছিল এই সভার লক্ষ্য।