শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সৌদির রিয়াদ ও দাম্মামে বিধিনিষেধের কারণে শাহজালাল বিমানবন্দর থেকে ১৪১ ফ্লাইট বাতিল, আটকা ২১ হাজারের বেশি যাত্রী

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৬৬টি সরাসরি ও ৭৫টি ট্রানজিট; এসব ফ্লাইটে যাত্রী ছিলেন ২১ হাজার ৯৩৩ জন।

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা ২১ হাজার ৯৩৩ জন। উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশিদের যাতায়াতের জন্য এ রুটগুলো গুরুত্বপূর্ণ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আজ শনিবার যে তথ্য পাঠিয়েছে, তাতে দেখা যায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি।

ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ২৯টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি।

বেবিচকের পাঠানো তথ্যে ফ্লাইট বাতিলের বিধিনিষেধ কবে নাগাদ তোলা হতে পারে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।