বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলবে পাবনা প্রভাতী ও পাবনা গোধূলি এক্সপ্রেস, ১৯ নভেম্বর উদ্বোধনী ট্রেন

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী পাবনা-ঢাকা রুটের নতুন দুই আন্তঃনগর ট্রেনের নিয়মিত চলাচল শুরু হবে ২০ নভেম্বর; আগের দিন পাবনা থেকে ছাড়বে বিশেষ উদ্বোধনী ট্রেন।

পাবনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন দুটি আন্তঃনগর ট্রেন। আগামী ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। বুধবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এর আগে ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন চালানো হবে। পথে ট্রেনটি শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে। উদ্বোধনী ট্রেনের টিকিট কেবল পাবনা ও ঈশ্বরদী স্টেশনের কম্পিউটারাইজড কাউন্টার থেকে বিক্রি করা হবে।

উদ্বোধনী কার্যক্রমে অংশ নেওয়ার পর ঢাকায় ফেরার জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য, পাবনা জেলার সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের জন্য একটি ডব্লিউজেসি ও দুটি কোচের আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের নির্দেশনায় আরও বলা হয়, ভারসাম্য বজায় রাখার জন্য ১৯ নভেম্বর উদ্বোধনী ট্রেনটি চালানো হবে। পরদিন ২০ নভেম্বর ঢাকা থেকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ছাড়ার মাধ্যমে ৮০৮/৮০৭ নম্বর আন্তঃনগর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে।

নির্দেশনায় রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. মেহেদী হাসান নির্দেশনাটিতে স্বাক্ষর করেছেন। নতুন এই ট্রেন সেবা চালু হলে পাবনা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।