বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

গ্রেপ্তারি পরোয়ানার একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে জামিন নেন; আদালত জামিন মঞ্জুর করেন।

মামলার সাক্ষ্যগ্রহণের দিন আদালতে হাজির না হওয়ায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার একদিনের মাথায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে বুধবার মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। ওই দিন পরীমণি আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার প্রেক্ষিতেই বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হন।

মামলাটি ২০২২ সালের ৬ জুলাই একই আদালতে দায়ের করেছিলেন সাভার বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় পরীমণিসহ তিনজনকে আসামি করা হয়। অন্য দুই আসামি হলেন পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম। বাদীকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে মামলায়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ২০২৪ সালের ১৮ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, পরীমণি ও জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি। ২০২৫ সালের ২৬ জানুয়ারি আদালত পরীমণি ও জিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এজাহারে বাদী অভিযোগ করেছেন, আসামিরা বিভিন্ন নামী ক্লাবে ঢুকে পানীয় পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেননি এবং পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলার ভয় দেখাতেন। এসব অভিযোগ এখনো বিচারাধীন।