শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

গোমস্তাপুরে জটিল রোগে আক্রান্ত ১০ রোগীকে ১০ লাখ টাকা, ১৩ মেধাবী শিক্ষার্থীকে এক লাখ ৩০ হাজার টাকার অনুদান

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ করেন; গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটের প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা সহায়তা পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জটিল রোগে আক্রান্ত ১০ রোগীর চিকিৎসার জন্য মোট ১০ লাখ টাকা এবং তিন উপজেলার ১৩ মেধাবী শিক্ষার্থীকে এক লাখ ৩০ হাজার টাকার বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।

অনুদানের অর্থ পেয়েছেন ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১০ জন রোগী। তাঁদের চিকিৎসার জন্য মোট ১০ লাখ টাকার চেক দেওয়া হয়।

এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের ১৩ মেধাবী শিক্ষার্থীকে মোট এক লাখ ৩০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও ইমামুল হুদা এবং সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।