নওগাঁর মহাদেবপুরে অটোচার্জারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত তারেক হোসেন (১৯) নামে এক যুবক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত তারেক হোসেন মহাদেবপুর উপজেলার উত্তর আন্ধারকোটা গ্রামের মুনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় নওহাটা মোড় থেকে একটি অটোচার্জার মাতাজিহাটের দিকে যাচ্ছিল। পথে নওহাটা মোড়ের পশ্চিম পাশে ধনজইল মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে আসা তারেকের সঙ্গে অটোচার্জারটির সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।