কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বিশেষ ব্যাংক হিসাবের সংখ্যা বাড়লেও এসব হিসাবে জমা অর্থ কমছে। বিশেষ করে অতিদরিদ্র মানুষ এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের হিসাবে আমানত উল্লেখযোগ্য হারে কমেছে। বাংলাদেশ ব্যাংকের ‘নো-ফ্রিল অ্যাকাউন্ট’ নিয়ে প্রকাশিত সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদনটি চলতি বছরের জুলাই–সেপ্টেম্বর সময়ের তথ্যের ভিত্তিতে তৈরি।
প্রতিবেদন অনুযায়ী, অতিদরিদ্র মানুষের জন্য খোলা ব্যাংক হিসাব ৩৫ লাখের বেশি। জুন শেষে এসব হিসাবে জমা ছিল ২৯২ কোটি টাকা, সেপ্টেম্বর শেষে তা কমে ২৭৩ কোটি টাকায় নেমেছে। অর্থাৎ তিন মাসে আমানত কমেছে প্রায় ১৯ কোটি টাকা। প্রতিটি হিসাবে গড় জমা ৮৩৩ টাকা থেকে কমে হয়েছে ৭৭৪ টাকা। অথচ একই সময়ে অতিদরিদ্রদের ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ২৪ হাজারের বেশি।
১০, ৫০ ও ১০০ টাকায় খোলা সব বিশেষ হিসাব মিলিয়ে চিত্রটিও একই। গত সেপ্টেম্বর শেষে এসব হিসাবে মোট আমানত ছিল প্রায় ৫ হাজার ৩৭০ কোটি টাকা। তিন মাস আগে, জুন শেষে তা ছিল প্রায় ৫ হাজার ৪৯১ কোটি টাকা। সেই হিসাবে তিন মাসে আমানত কমেছে ১২১ কোটি টাকার বেশি, অর্থাৎ ২ দশমিক ২১ শতাংশ।
একই সময়ে এসব হিসাবের সংখ্যা বেড়েছে প্রায় ২৫ হাজার। বর্তমানে এ ধরনের হিসাব রয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭৩ হাজারের কাছাকাছি। প্রতিটি হিসাবে এখন গড়ে জমা আছে ১ হাজার ৮১৬ টাকা; তিন মাস আগে এই গড় ছিল ১ হাজার ৮৫৮ টাকা।
একসময় ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষ এখন মাত্র ১০, ৫০ কিংবা ১০০ টাকা দিয়েই হিসাব খুলতে পারেন। এ সুবিধার আওতায় দেশে ব্যাংক হিসাবের সংখ্যা এখন প্রায় তিন কোটি। সাধারণ হিসাবের সঙ্গে এসব হিসাবের একটি পার্থক্য হলো, হিসাব সচল রাখতে ন্যূনতম কোনো টাকা জমা রাখার বাধ্যবাধকতা নেই এবং কোনো সেবা মাশুলও দিতে হয় না।
বয়স্ক ও বিধবাসহ বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের হিসাবেও আমানত কমেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।