রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গোদাগাড়ীর সারইলে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুজন গ্রেপ্তার, পলাতক আরও একজন

শুক্রবার সন্ধ্যায় গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ; থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আরও একজন পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশের পাঠানো গণমাধ্যম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের দিকনির্দেশনায় জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

পুলিশ জানায়, গত ২০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোদাগাড়ীর সারইল গ্রামে আনোয়ার হোসেন বাবুর বাড়ির দক্ষিণ পাশে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কে ডিবির দলটি মাদক ও অস্ত্র উদ্ধারে চেকপোস্ট ডিউটি করছিল। সে সময় সন্দেহভাজন মো. শাহীন আলী ও মোছা. পিংকি খাতুনকে তল্লাশি করা হয়। তল্লাশিতে শাহীন আলীর পরনের জিন্স প্যান্টের সামনের দুই পাশের পকেট থেকে মেড ইন ইউএসএ লেখা দুটি ৭.৬৫ এমএম পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শাহীন আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে। পিংকি খাতুন একই উপজেলার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে।

এ ঘটনায় মো. শাহীন (৫৬) নামে আরেক অভিযুক্ত পলাতক আছেন। তিনি শিবগঞ্জের কালিগঞ্জ গ্রামের ভিকুর ছেলে। পুলিশ বলছে, তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শাহীন আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। পলাতক শাহীনের বিরুদ্ধে ঢাকার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁরা নির্দোষ বলে গণ্য হবেন।