খুলনা মহানগর ও জেলায় নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে অন্তত ১৫টি গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৪ নভেম্বর একদিনেই নগরের সাতটি এলাকায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এই সময়ে গুলিতে পাঁচজন ও ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ছয়জন। আধিপত্য বিস্তার, মাদক কারবার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী পক্ষের গোলাগুলিতে সাধারণ মানুষও পড়ছেন বলে জানা গেছে। চলতি বছর ২৫ নভেম্বর পর্যন্ত খুলনায় মোট ৮১ জন নিহত হয়েছেন।
২৪ নভেম্বর বেলা ১১টার দিকে নগরের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। একই দিন নগরের খ্রিষ্টানপাড়ায় এক এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়া হয়; চাঁদার টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
মাসের শুরু থেকেই হামলা ও গোলাগুলি চলছে। ১ নভেম্বর রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কুপিয়ে হত্যা করা হয় মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে। পরদিন রূপসার সিংহের চরে গুলিবিদ্ধ অবস্থায় দুই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ; পুলিশের ভাষ্য, তাঁরা “বি কোম্পানি” নামের একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিলেন। ৫ নভেম্বর ডুমুরিয়ায় চায়ের দোকানে গুলি করে হত্যা করা হয় ঘের ব্যবসায়ী তারিকুল ইসলাম শেখকে। ১২ নভেম্বর রাতে রূপসার একটি দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা মো. জাকির হোসেনকে। ২১ নভেম্বর তেরখাদায় গুলিবিদ্ধ হন বিএনপির এক ইউনিয়ন পর্যায়ের নেতা মাফিজুর রহমান, আর ২৩ নভেম্বর অপহরণের পর কুপিয়ে জখম করা হয় জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে।
গোলাগুলি ও হামলায় হতাহতদের মধ্যে পাঁচজনের সরাসরি রাজনৈতিক পরিচয় রয়েছে। নিহতদের মধ্যে ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক ওয়ার্ড নেতাও। ১৩ নভেম্বর জাকির হোসেনের জানাজা শেষে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সাংবাদিকদের বলেছিলেন, খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত এবং কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ১৪ লাখ মানুষকে জিম্মি করে ফেলেছে।
গুলির ঘটনার পাশাপাশি চাঁদার দাবিতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেও হামলা-ভাঙচুর হয়েছে। ৭ নভেম্বর নগরের খানজাহান আলী সড়কের পিটিআই মোড়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে চায়নিজ কুড়াল হাতে পাঁচ যুবক হামলা চালান বলে জানা গেছে।