ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চলমান বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি। বুধবার সন্ধ্যার পর সংগঠনের সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
স্থায়ী পার্কিংয়ের দাবিতে মঙ্গলবার বিকেল থেকে মালিক সমিতি আকস্মিকভাবে এই ধর্মঘটের ডাক দিয়েছিল। এতে হাসপাতালে রোগী ও তাঁদের স্বজনদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
পরিস্থিতি নিরসনে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে মালিক সমিতির নেতাদের একটি জরুরি বৈঠক হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সমিতির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন।
বাদল মাতবর বলেন, ‘দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তির কথা চিন্তা করে আমরা মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছি।’
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন জানান, আগামী সাত দিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের ফলে আপাতত ঢামেক হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল এবং জরুরি রোগী স্থানান্তর প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে। স্থায়ী পার্কিংয়ের মূল দাবিটি নিয়ে সাত দিনের মধ্যে কী সিদ্ধান্ত হয়, সেদিকে নজর থাকবে।