রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু, আতঙ্ক; ঘিরে রেখেছে পুলিশ, যান চলাচল বন্ধ

শনিবার সন্ধ্যায় এক পথচারী বস্তুটি দেখে ৯৯৯-এ জানান; পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে।

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে এবং নিরাপত্তার স্বার্থে ওভারপাসের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এক ব্যক্তি ওভারপাস দিয়ে হাঁটার সময় বস্তুটি দেখতে পান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ সেখানে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে লাল টেপ পেঁচানো ছিল এবং সঙ্গে তারও দেখা গেছে। বস্তুটির ওপর ‘সাবধান-বিপদজ্জনক’ লেখা ছিল বলেও তাঁরা জানান।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে আছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বস্তুটি আসলে বিস্ফোরক কি না এবং কে বা কারা সেখানে রেখে গেছে, তা এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।