রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, আকাশেই ধ্বংসের কথা জানাল সৌদি নেতৃত্বাধীন জোট

সানার কাছে সৌদি বিমান হামলায় ৩৩ জন নিহত হওয়ার দাবির একদিন পর রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে; জোট বলছে, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে রোববার বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আগাম সতর্কবার্তা জারি করার কিছুক্ষণ পর এ শব্দ শোনা যায় বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। পরে কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদ লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল; তবে ক্ষেপণাস্ত্র দুটি আকাশেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। জোট আরও জানায়, রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ছোড়া আরও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এর আগে শনিবার ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। হুথিদের পরিচালিত বার্তা সংস্থার দাবি, সানার পূর্বাঞ্চলের বানি হুশাইশ এলাকার বাড়িঘরে হামলা হয়েছে এবং নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে গত জুলাইয়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়, যাতে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যায়। তখন থেকে হুথিরা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে; জবাবে সৌদি আরবও ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সংঘাত এখন বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধের একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে, যার সূত্রপাত গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে।