সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সেনেগাল উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু, একজন জীবিত উদ্ধার

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিহতের সংখ্যা চূড়ান্ত নয়; নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।

ইউরোপে যাওয়ার চেষ্টাকালে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসী ও শরণার্থীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

রোববার দেওয়া এক বিবৃতিতে সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার গভীর রাত পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের এই সংখ্যা চূড়ান্ত নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের স্বজনদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী ডাকার ও উত্তরের শহর সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছাকাছি এলাকায় নৌকাটি ডুবে যায়। নৌকাটি ছিল স্থানীয়ভাবে পিরোগ নামে পরিচিত এক ধরনের চ্যাপ্টা তলদেশের নৌকা। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের বেশির ভাগই একই বিভাগের লিওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা।

পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর বিপজ্জনক সমুদ্রপথে সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডার্সের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এ পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে অভিবাসীবাহী নৌকার সংখ্যা বেড়ে যাওয়ায় স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দ্বীপ প্রশাসনের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩০টি নৌকায় ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন। বাড়তি চাপ সামাল দিতেই এ জরুরি অবস্থা।