পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের খবর প্রকাশের পরদিন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারি আইনি অবস্থান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দণ্ডিত ও পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই।
আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী পাসপোর্টের আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে কেউ কমপক্ষে দুই বছরের সাজা পেলে কর্তৃপক্ষ তাঁকে পাসপোর্ট দিতে পারে না। তাঁর ব্যাখ্যায়, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত, ফলে পাসপোর্ট কর্তৃপক্ষের এ ক্ষেত্রে কোনো এখতিয়ার নেই। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সরকার কীভাবে পাসপোর্ট দেবে—এই প্রশ্ন তুলে তিনি বলেন, তা করা হলে বিচারের সঙ্গে রাষ্ট্রের উপহাস করার শামিল হবে।
দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সত্যিই ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে হবে। এটিই তাঁর জন্য সঠিক পন্থা বলে মন্তব্য করেন তিনি।
আপিলের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, ট্রাইব্যুনাল আইনে রায় প্রকাশের ৩০ দিন পর আর আপিল গ্রহণযোগ্য নয়। রায় প্রকাশের পরও শেখ হাসিনা আপিল করেননি; তাই রায় কার্যকর হওয়া ছাড়া এখন আর কোনো বিকল্প নেই। শুনানি ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর হবে কি না, এই প্রশ্নে তিনি বলেন, তিনি আইনগত সুযোগ পাবেন কি না, কীভাবে নেবেন—তা বাংলাদেশে তাঁকে পাওয়া গেলে তখনই ফয়সালা হবে।
এর আগে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ বছরের ১৩ জানুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ভারতে অবস্থান করা শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফিরতে চান বলে জানিয়েছিলেন। সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশনে তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছে বলে খবর প্রকাশিত হয়; কূটনৈতিক সূত্র জানিয়েছে, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমতিপত্র ছিল না।