গোপালগঞ্জের কাশিয়ানীতে এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের অফিস ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে গতকাল বুধবার দিনভর জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছিল। এর আগে মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।
আহত পুলিশ সদস্যের নাম আবু আলম। তিনি বরগুনা পুলিশ লাইনস থেকে কাশিয়ানীতে দায়িত্ব পালন করতে এসেছিলেন। কাশিয়ানী থানার ওসি সাজেদুর রহমান জানান, গতকাল বেলা ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে বিক্ষোভ মিছিল বের করেন। ওই সময় পুলিশের একজন পরিদর্শক তাঁদের সামনে গেলে আবু আলমকে কুপিয়ে জখম করা হয়। কাশিয়ানীর পাইলট স্কুলের সামনে ঘটনাটি ঘটে।
টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটকের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন বলে স্থানীয়রা জানান। বিক্ষুব্ধরা থানার সামনের গাড়িতে আগুন দেন এবং থানা ও পুলিশ ব্যারাকে হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তাঁর স্বজনদের ১০ থেকে ১৫টি বাড়িতে আগুন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, রাস্তায় ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি অনেক এলাকায় পৌঁছাতে পারেনি। গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে যৌথ বাহিনীর সদস্যরা বাধার মুখে পড়েন এবং সংঘর্ষের একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে অন্তত ১০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার বৌলতলীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও আগুন দেওয়া হয়, তবে বড় ক্ষতি হয়নি।
বুধবার বেলা বাড়ার সঙ্গে জেলা শহরের কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি; তবে বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবি সদস্যদের দেখা যায়। প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত সহিংসতার বিষয়ে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।