গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি জোরদার করতে এবার দুই মাসের জন্য ১২ জন অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপারকে (এএসপি) সংযুক্ত করা হয়েছে। তাঁদের সবাইকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে কাজ করতে বলা হয়েছে।
গতকাল রোববার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন দুটিতে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একটি প্রজ্ঞাপনে আটজন এবং অন্যটিতে চারজন কর্মকর্তার নাম রয়েছে। ১২ কর্মকর্তার মধ্যে আটজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার, বাকি চারজন এএসপি। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনারও আছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনের সময় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই কর্মকর্তাদের আগামী দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সংযুক্ত কর্মকর্তারা ঢাকা মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ, পুলিশ সদর দপ্তর, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও গাজীপুর জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।
এর আগে একই দিন পুলিশ সদর দপ্তরের আরেকটি প্রজ্ঞাপনে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামসহ ১০ জনকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়। তাঁদের মধ্যে অতীতে বিতর্কের মুখে পড়া আরও দুজন কর্মকর্তা রয়েছেন।