রাজশাহীর ঐতিহ্যবাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) ‘সেন্টেনারি জুবিলি সেলিব্রেশন-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাসপাতালের শত বছরের সেবামূলক কর্মকাণ্ড, অর্জন ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।
বেলা সাড়ে ১১টায় মহানগরীর শ্রীপুরামপুরে হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, মানুষের সেবার মহান ব্রত নিয়ে খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। সুনাম ও আস্থার সঙ্গে চিকিৎসাসেবা পরিচালনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। তিনি জানান, স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে এবং হাসপাতালে মেডিক্যাল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। হাসপাতালটি উপমহাদেশের অন্যতম আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে উন্নত, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসায় হাসপাতালটির ভূমিকা অনুকরণীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্চ অব বাংলাদেশের ঢাকা ডায়োসিসের মডারেটর ও বিশপ এবং হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দ্য মোস্ট রেভারেন্ড স্যামুয়েল এস. মানখিন। বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল। অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।