জয়পুরহাট শহরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের এক কিশোর আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। বৃহস্পতিবার সকালে সদর থানার কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে জয়পুরহাট-হিলি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আশিফ হোসেন (১৭) সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। তিনি শহরের একটি মিষ্টির দোকানে কাজ করতেন। মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন একই গ্রামের নাইম (২২) ও জিহাদ (২০)। দুজনই আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি জয়পুরহাট থেকে হিলির দিকে যাচ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে কাশিয়াবাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয় সেটি। এরপর বাসটি তিন আরোহীকে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যায়। স্থানীয় লোকজন থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
বাসটি কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে পৌঁছালে ক্ষুব্ধ জনতা সেটি আটকে দেন। যাত্রীদের নামিয়ে দিয়ে তাঁরা বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, গুরুতর আহত আশিফকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।