রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাজশাহী জেলা জামায়াতের নতুন কমিটি: নায়েবে আমির মইনুল হোসেন ও আব্দুল খালেক, সেক্রেটারি গোলাম মর্তুজা

নগরীর মসজিদ মিশন একাডেমিতে দায়িত্বশীল সমাবেশে ২০২৭-২০২৮ সেশনের জন্য দুই বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৭-২০২৮ সেশনের জন্য দুই বছর মেয়াদি এ কমিটিতে জেলা নায়েবে আমির নির্বাচিত হয়েছেন মো. মইনুল হোসেন ও মাওলানা মো. আব্দুল খালেক। জেলা সেক্রেটারি হয়েছেন মো. গোলাম মর্তুজা। এর আগে জেলা কমিটির আমির নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক আব্দুল খালেক।

শনিবার (১৪ নভেম্বর) রাজশাহী নগরীর মসজিদ মিশন একাডেমিতে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এ কমিটি গঠন সম্পন্ন হয়। নতুন কমিটিতে সহকারী সেক্রেটারি হয়েছেন মাওলানা মো. আবুল হাসান, অধ্যক্ষ মো. নাজমুল হক, মো. কামরুজ্জামান ও মুহাম্মদ নুরুজ্জামান লিটন। একই সমাবেশে জেলা কর্মপরিষদ, মজলিসে শুরা এবং উপজেলা ও পৌরসভা কমিটির আমির নির্বাচনও সম্পন্ন হয়েছে।

জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, দায়িত্ব একটি আমানত। সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহির সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বকে পদ-পদবি বা সম্মানের বিষয় হিসেবে না দেখে আমানত হিসেবে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। উত্তম চরিত্র, ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।