সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বিচারকদের নিরাপত্তায় অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান দেওয়া উচিত: আইনসচিব

ঝালকাঠিতে ২০০৫ সালে জেএমবির হামলায় নিহত দুই বিচারকের স্মরণসভায় আইনসচিব বলেন, আদালত ও বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি।

বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও সার্বক্ষণিক গানম্যান দেওয়া উচিত বলে মনে করেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে মিলনায়তনে ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেএমবির হামলায় নিহত দুই বিচারকের স্মরণে স্মরণসভা ও মিলাদ মাহফিল হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে আইনসচিব এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজও আদালত এবং বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হয়নি। দুই মেধাবী বিচারক জীবন দিয়ে আমাদের নিরাপত্তার বিষয়টি দেখিয়ে গেছেন।’

সভায় অন্য বক্তারা নিহত দুই বিচারকের স্মৃতিচারণা করে আদালত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। ঢাকার মহানগর হাকিম (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সম্প্রতি সিএমএম আদালত এলাকায় ককটেল হামলার বিষয়টি উল্লেখ করেন।

আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল ২০০৫ সালের ১৪ নভেম্বরের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্মৃতিচারণা করেন। তিনি দুই বিচারকের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই বিচারকের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

স্মরণসভায় আরও বক্তব্য দেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মশিয়ার রহমান ও মুনতাসির আহমেদ।