আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, বিচারকাজ কতটা স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে, তা দেশবাসীর সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। তাঁর ভাষ্য, দেশের মানুষ জানুক গত ১৫ বছরে কী কী অপরাধের অভিযোগ আসামির বিরুদ্ধে রয়েছে। সম্প্রচার হচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন ও প্রসিকিউশনের ফেসবুক পেজে; বেলা সোয়া ১১টা থেকে এটি শুরু হয়।
গত ২২ নভেম্বর আসামিপক্ষে সাফাই সাক্ষ্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। সাফাই সাক্ষী হিসেবে তাঁর আইনজীবী তাসলিমা জাহান পপি সাক্ষ্য দেন। এর আগে ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়; প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার তিনটি অভিযোগে গত ১৭ ডিসেম্বর প্রধান কৌঁসুলির কার্যালয় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
জিয়াউল আহসান এ মামলার একমাত্র আসামি। তিনি কারাগারে থেকে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন। তিনি টেলিযোগাযোগ নজরদারির সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট তাঁকে চাকরিচ্যুত করা হয়।