বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি, রিপোর্ট দিতে ৭ কার্যদিবস

শিক্ষা মন্ত্রণালয় ইউজিসি সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুনকে প্রধান করে কমিটি গঠন করেছে; কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে উপাচার্য প্রায় ১০ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ ও হেনস্তা করার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুনকে সভাপতি করে গঠিত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত চিঠিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমির, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়-২ অধিশাখা) নাফিসা আরেফীন, একই বিভাগের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. ফাহিম ফয়সাল এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, অবরুদ্ধ ও হেনস্তার বিষয়টি তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠাতে হবে।

সোমবার চাকরিতে পুনর্বহাল হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী নিজেদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন। ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা উপাচার্য অবরুদ্ধ ছিলেন।

পরিস্থিতির কারণে সোমবার রাতেই জরুরি সিন্ডিকেট সভা ডেকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন কমিটির প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।