বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জন্য দেড় হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে জামানত লাগবে না

পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে তহবিল ১ হাজার ৫০০ কোটি টাকা করেছে বাংলাদেশ ব্যাংক; ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ।

প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তহবিলের পরিমাণ বাড়িয়ে ১ হাজার ৫০০ কোটি টাকা করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

এ তহবিল থেকে ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন আয়ের পেশাজীবী, শিক্ষার্থী এবং প্রবাসী আয়ের সুবিধাভোগী পরিবারের সদস্যরা ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের বিপরীতে কোনো জামানত দিতে হবে না।

ঋণের শর্ত

নতুন নীতিমালা অনুযায়ী অর্থ আবর্তনশীল পদ্ধতিতে ব্যবহৃত হবে। ঋণ পরিশোধে সর্বোচ্চ ছয় মাস বিরতির সুযোগ থাকছে। একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। দলগত ঋণের ক্ষেত্রে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করা যাবে; সদস্যপ্রতি সর্বোচ্চ ৮ লাখ টাকা হিসাবে একটি দল পাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা, এবং পরিশোধে দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে দায়বদ্ধ থাকবেন। ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত নেওয়া যাবে। অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন দেবে।

কারা পাবেন

সার্কুলারে যোগ্যতার পরিধি বাড়ানো হয়েছে। পাড়া-মহল্লা ও গ্রামভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা এবং জেলে, চর্মকার, স্বর্ণকার, রাজমিস্ত্রি, প্লাম্বার, তাঁতি, চা শ্রমিক, মুদি দোকানি, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও ফুল-ফল-সবজি বিক্রেতারা এ সুবিধা পাবেন। হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী, মাছ ও কাঁকড়া চাষি, নার্সারি উদ্যোক্তা, হস্তশিল্পী, ফ্রিল্যান্সারও এর আওতায় থাকছেন। রেমিট্যান্স প্রেরণকারী, প্রবাসী আয়ের সুবিধাভোগী পরিবারের সদস্য এবং বিদেশ থেকে ফিরে আসা শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের মানুষও সুবিধা পাবেন।

তবে খেলাপি ঋণগ্রহীতারা এ স্কিমের আওতায় ঋণ পাবেন না। ৩ লাখ টাকা পর্যন্ত ঋণে গ্রাহকের কাছ থেকে ঋণতথ্য ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন সংগ্রহের কোনো ফি নেওয়া যাবে না।