শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঘিরে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৬; গ্রেপ্তার ২০

বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় শুক্রবার বিকেলের ঘটনায় রাতেই মামলা; বাকিদের ধরতে অভিযান চলছে।

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিলে বাধা দিতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিষিদ্ধ সংগঠনটির ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় হঠাৎ করে মিছিল বের হয়। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে পৌঁছে মিছিলে বাধা দিলে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়া হয় এবং পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়।

ওসি আবদুর রহিম জানান, ইটপাটকেল নিক্ষেপের পরও পুলিশ মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ধরতে ধাওয়া শুরু করে। পরে ঘটনাস্থল থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

ওসি আরও জানান, মিছিলে অংশ নেওয়া বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। তিনিসহ আহত সব পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা অভিযুক্ত মাত্র; মামলার তদন্ত চলছে।