সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

২০২৭ সালের হজযাত্রীদের ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ

নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের বকেয়া অর্থ জমা না দিলে প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নিজ নিজ নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে এ প্রক্রিয়া শেষ করতে হবে।

রোববার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭’-এর অনুচ্ছেদ ৫-এর নির্দেশনা অনুসরণ করে প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের ১০ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে নির্ধারিত প্যাকেজের বকেয়া অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রাথমিক নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে হজে যেতে ইচ্ছুক সব প্রাথমিক নিবন্ধিত আবেদনকারীকে নির্ধারিত তারিখের আগেই ব্যাংকে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে ২০২৭ সালের হজযাত্রীদের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার নির্দেশনাও দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।