নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রলবোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, শুধু নভেম্বর মাসেই দেশে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে।
সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে তাঁর মনে হয়েছে, অপরাধীরা প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে। তিনি এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী এবং ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তাঁর ভাষায়, এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকে সীমাবদ্ধ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। একই ধারাবাহিকতায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও তিনটি থানায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি জানান।
ইউনূস জানান, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা, বাকি ১০ শতাংশ সরকারের। ২০১১ সালে তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি উল্লেখ করেন। বিবৃতিতে বলা হয়, ঋণগ্রহীতা, কর্মী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তায় ব্যাংকটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বিশ্বজুড়ে ব্যাংকটির বন্ধুদের হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান।