নদী দখল, দূষণ, অবৈধ বালু উত্তোলন ও নাব্যতা সংকট নিরসনে সমন্বিত উদ্যোগ নেওয়াসহ ১৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের রাজশাহী জেলা শাখা। বুধবার দুপুরে রাজশাহীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট, নদী দখল, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ এবং নদীভাঙন ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। সংগঠনের ভাষ্য, রাজশাহীর পদ্মা নদী এসব সমস্যার অন্যতম উদাহরণ।
১৭ দফার মধ্যে রয়েছে নদী রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে কার্যকর কমিটি গঠন, শিল্পকারখানায় ২৪ ঘণ্টা বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) চালু রাখা, অবৈধ দখল উচ্ছেদ এবং নিয়মিত নদীতীর পরিদর্শন। পরিকল্পিত নদী খনন, ড্রেজিং, মৃত নদী ও খাল পুনঃখনন এবং অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের দাবিও তোলা হয়েছে। এ ছাড়া নদীভাঙন ও বন্যা ঠেকাতে বাঁধ নির্মাণ, নদীবন্দর সংস্কার, নৌযান চলাচলের উপযোগী সেতু নির্মাণ, নদীতীরে সবুজ বেষ্টনী এবং জলজ প্রাণীর অভয়াশ্রম গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের কথাও বলা হয়েছে। বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান ও মিয়ানমারকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক নদী কমিশন গঠনের প্রস্তাবও রয়েছে।
সংগঠনটি নদী নিয়ে জনসচেতনতা বাড়ানো, পাঠ্যপুস্তকে নদীবিষয়ক বিষয় অন্তর্ভুক্ত করা, জলাশয়ে বর্জ্য ফেলা বন্ধ করা এবং মৎস্যসম্পদ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের দাবিও জানিয়েছে। স্মারকলিপিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আহসান হাবিব স্বাক্ষর করেন।