অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য অবসরোত্তর ছুটি ও অন্যান্য সুবিধা স্থগিত রেখে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত হলো, যোগদানের তারিখ থেকে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছেড়ে দিতে হবে।
নিয়মিত চাকরি হিসেবে সোমবার ছিল তাঁর শেষ কর্মদিবস। মুঠোফোনে তিনি জানিয়েছেন, মঙ্গলবার নতুন করে অর্থসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
খায়েরুজ্জামান মজুমদার ২০২৩ সালের ২৩ আগস্ট থেকে অর্থসচিবের দায়িত্ব পালন করছেন। তাঁর আগে এই পদে ছিলেন ফাতিমা ইয়াসমিন, যিনি ওই বছরের আগস্টে এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়ে চলে যান। তখন খায়েরুজ্জামান মজুমদার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ছিলেন। সচিব হওয়ার আগে তিনি অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগে অতিরিক্ত সচিব ছিলেন। আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার—তিন আমলেই তিনি অর্থসচিবের দায়িত্ব পালন করেছেন।
১১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯৩ সালে কর্মজীবন শুরু করেন। পরে বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে কাজ করেছেন। যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতিতে পিএইচডি এবং কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেছেন তিনি।