শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

ষষ্ঠবারের মতো রাজশাহী জেলা জামায়াতের আমির নির্বাচিত অধ্যাপক আব্দুল খালেক

২০২৭-২০২৮ মেয়াদের জন্য সারা দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরের তালিকা প্রকাশ করেছে দলটি।

কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক আব্দুল খালেক ষষ্ঠবারের মতো রাজশাহী জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। দলীয় সূত্র জানায়, সংগঠনের রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭-২০২৮ সেশনের দুই বছরের জন্য তিনি নির্বাচিত হন। ২০১৫ সাল থেকে তিনি রাজশাহী জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করে আসছেন।

বুধবার রাতে জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমিরদের নামের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার নির্বাচিত আমিরের নাম রয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন দলের আমির ডা. শফিকুর রহমান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে তাঁরা নির্বাচিত হয়েছেন।

এর আগে ২৪ অক্টোবর রাজশাহী মহিলা কমপ্লেক্সে অনুষ্ঠিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে আমির নির্বাচনের ভোটগ্রহণ হয়। গোপন ব্যালটের ওই ভোটে জেলার প্রায় ১ হাজার ৫৫০ পুরুষ ও নারী রুকন ভোট দেন। তবে ভোটগ্রহণ শেষে ফল তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি; কেন্দ্র থেকে পরে ঘোষণার কথা জানানো হয়েছিল।