যশোরের বাঘারপাড়ার দর্গাহপুর মহিলা আলিম মাদরাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ২৭ জন। চলতি বছর আলিম পরীক্ষা দিয়েছিলেন আটজন। এই ৩৫ শিক্ষার্থীর সবাই বাল্যবিয়ের শিকার। জন্ম নিবন্ধনের তথ্য গোপন করে ইউনিয়ন পরিষদের সনদে বয়স ১৮ বছর দেখিয়ে তাঁদের বিয়ে দেওয়া হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এখন মাদরাসায় প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি চলছে; এদের মধ্যে কতজনের বিয়ে হয়ে গেছে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
চলতি বছরের আলিম পরীক্ষায় এই মাদরাসা থেকে পরীক্ষা দেওয়া আটজনের কেউ পাস করেননি। সবাই আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন; তিনজন আইসিটির পাশাপাশি ইংরেজি, কুরআন ও হাদিসেও ফেল করেছেন। কেন কেউ পাস করতে পারলেন না, তা খোঁজ করতে গিয়েই সব শিক্ষার্থীর বিয়ে হয়ে যাওয়ার তথ্য বেরিয়ে আসে। এবারের আলিম পরীক্ষায় সারা দেশে ৫৫টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি। মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গত ১০ নভেম্বর এসব প্রতিষ্ঠানের প্রধানদের জরুরি তলব করে ফল খারাপ হওয়ার কারণ লিখিতভাবে জানাতে নির্দেশ দেয়।
মাদরাসার অধ্যক্ষ আব্দুল কুদ্দুস প্রতিষ্ঠানের মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, বিয়েতে বাধা দিলে অভিভাবকেরা এই মাদরাসায় আর কোনো মেয়েকে পাঠাবেন না। ফল খারাপ হওয়ার কারণ হিসেবে তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে না আসা, পর্যাপ্ত শিক্ষক না থাকা এবং বিয়ের কারণে পড়ায় অমনোযোগের কথা বলেন। তাঁর ভাষ্য, মেয়েদের পড়াশোনা করানোর আগ্রহ সাধারণ মানুষের নেই; তাই দাখিল পাসের পর মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তিনি জানান, ২০২৭ সালের আলিম পরীক্ষার জন্য ২০২৫ সালে ভর্তি হওয়া ২৭ জনের সবারই বিয়ে হয়ে গেছে; তাঁদের মধ্যে মাত্র ১০ জন পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসা থেকে ১৯৮৭ সাল থেকে শিক্ষার্থীরা দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন; আলিমে ভর্তি শুরু হয় ১৯৯৩ সাল থেকে। খাতাকলমে প্রতিষ্ঠানে এখন ২৫৪ শিক্ষার্থী আছেন—আলিম দ্বিতীয় বর্ষে ২৭ জন, মাধ্যমিকে ১১৬ জন, বাকিরা প্রাথমিকে। অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ ২৫ জন শিক্ষক-কর্মচারী সরকার থেকে বেতন-ভাতা নেন। অধ্যক্ষের সই করা পরীক্ষার ফলের একটি তালিকায় পাওয়া তথ্য শিক্ষা বোর্ডের ফলাফলের সঙ্গে মেলেনি বলেও জানা গেছে।