শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

দেবিদ্বারে নতুন সড়ক ছয় মাসে নষ্ট হওয়ার ক্ষোভ হাসনাত আবদুল্লাহর, অতিরিক্ত বোঝাইয়ের ট্রাকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি

ফতেহাবাদের সভায় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য বলেন, দেবিদ্বার-চান্দিনা সড়কে ওভারলোডেড ট্রাক পেলে তদবির করেও ছাড়ানো যাবে না।

কুমিল্লার দেবিদ্বারে নতুন নির্মিত সড়কগুলো ছয় মাসের মধ্যেই নষ্ট হয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, দেবিদ্বার-চান্দিনা সড়কে এখন থেকে অতিরিক্ত ওজনের ট্রাক পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহর ভাষ্য, কিছু অসাধু ব্যবসায়ী ও মাটিখেকোর কারণে নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

তিনি বলেন, দেবিদ্বার-চান্দিনা সড়কে ওভারলোডেড ট্রাক পাওয়া গেলে কিংবা তদবির করে সেগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাঁর বক্তব্য, অপরাধী নিজের দলের হোক কিংবা যত প্রভাবশালীই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

অবৈধ ইটভাটা নিয়েও কড়া বার্তা দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, যাঁরা অবৈধভাবে ইটভাটা নির্মাণ করছেন কিংবা ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এখনই সতর্ক হওয়া উচিত। কোনো অবৈধ ইটভাটা বা চুল্লি চালু রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে খরচ করে ইট তৈরি করার পরও সেগুলো ভেঙে সমান করে দেওয়া হবে বলে তিনি জানান।

সামাজিক সম্প্রীতি ও অপরাধমুক্ত দেবিদ্বার গড়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটের মাঠে রাজনৈতিক দল ভিন্ন হতে পারে, কিন্তু তাঁর কাছে দল মূলত দুটি; একটি অপরাধী চক্র, অন্যটি সাধারণ জনগণ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।