বাংলাদেশের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি (৩০০ মিলিয়ন) ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এ অর্থ দিয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়া ২ কোটি ৬০ লাখ শিশুর শেখার দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে পড়া, লেখা ও গণিতে শ্রেণি অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা অর্জনে শিশুদের সহায়তা দেওয়া হবে।
বিশ্বব্যাংক গ্রুপের নির্বাহী পরিচালকদের পর্ষদ সম্প্রতি এ অর্থায়নের অনুমোদন দিয়েছে। ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাকসেলারেশন ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম’ নামের কর্মসূচির মাধ্যমে দেশের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন করা হবে। পাশাপাশি সরকারের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নেও এ অর্থ সহায়তা দেবে।
বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত হয়েছে, তবে শিক্ষার মান এখনো বড় চ্যালেঞ্জ। ঋণের সুদ, পরিশোধের মেয়াদ ও কিস্তির শর্ত সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়নি।