শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম মাড়াই মৌসুম শুরু, লক্ষ্য ১ লাখ ৮০ হাজার টন আখ মাড়াই

নাটোরের লালপুরে মিলটির ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধনে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বন্ধ চিনিকল ধাপে ধাপে চালুর উদ্যোগের কথা জানিয়েছেন।

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ৯৪তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। মিলের কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে ডোঙায় আখ ফেলে ২০২৬-২৭ মৌসুমের মাড়াই আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ সরকার শুরু করেছে। পর্যায়ক্রমে দেশের বন্ধ থাকা সব চিনিকল নতুন করে চালু করে নিজস্ব সম্পদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তবে এজন্য শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না; কর্মকর্তা-কর্মচারী, আখচাষি ও সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি জানান, কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া প্রভিডেন্ট ফান্ড ও প্রণোদনার অর্থ সরকার ইতিমধ্যে পরিশোধ করেছে। এখন প্রত্যেককে নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা ও আন্তরিকতার প্রমাণ দিতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে সবাইকে নিয়ে দেশ গড়তে চায়। তবে কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে বসে সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করলে প্রয়োজনে কঠোর আইনি অবস্থান নেওয়া হবে।

মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ১১৩ কার্যদিবসে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ। গত মৌসুমে ১ লাখ ৭১ হাজার ৯৮২ মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার ৬৫৪ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছিল। সেই তুলনায় এবার আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ৮ হাজার ১৮ মেট্রিক টন এবং চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ হাজার ৪৬ মেট্রিক টন বাড়ানো হয়েছে।

আখচাষিদের উৎসাহ দিতে এ মৌসুমে আখের দাম কুইন্টালপ্রতি ৬২৫ টাকা থেকে বাড়িয়ে ৬৫১ টাকা করা হয়েছে। প্রতিবছর প্রায় ১৫ কোটি টাকার কৃষি উপকরণ ঋণ হিসেবে দেওয়া হয় এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি আখের মূল্য পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত এই চিনিকলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ হাজার আখচাষি পরিবার যুক্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।