সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরে নজরদারিতে মার্কিন টাস্কফোর্স ‘আয়রন গেট’, ‘শব্দের খেলা’ বলল ইরানের রিভলিউশনারি গার্ড

নৌ অবরোধের পর এবার স্থলপথে ইরানের অস্ত্র ও অর্থের জোগান ঠেকানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র; তেহরান একে অকার্যকর বলছে, মার্কিন সমালোচকেরা বলছেন উসকানি।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে দেশটির ওপর চাপ বাড়াতে নতুন একটি বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার জানিয়েছে, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞাভুক্ত সরঞ্জাম ও ‘অবৈধ আয়ের উৎস’ চলাচল নিয়ন্ত্রণে ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠন করা হয়েছে। তেহরান এই উদ্যোগকে ‘শব্দের খেলা’ বলে উড়িয়ে দিয়েছে।

সেন্টকম জানায়, ফ্লোরিডার টাম্পায় সদর দপ্তর হতে যাওয়া এই টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের নির্দেশে এটি গঠিত হয়েছে। এক বিবৃতিতে কুপার বলেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের সাফল্যের ওপর ভিত্তি করেই এ উদ্যোগ। অন্যান্য সংস্থার সঙ্গে সহযোগিতা বাড়লে সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্নির্মাণ ও সামরিক মজুত পূরণের ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও সীমিত হবে বলে তিনি মন্তব্য করেন। সেন্টকমের দাবি, নৌ অবরোধের কারণে সাম্প্রতিক মাসগুলোয় ইরান ২ হাজার ৫০০ কোটি ডলারের বেশি অপরিশোধিত তেল রপ্তানি করতে পারেনি।

ইরানের স্থলসীমান্ত রয়েছে সাতটি দেশের সঙ্গে—ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান। এসব সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৫ হাজার ৯০০ কিলোমিটার। এ ছাড়া কাস্পিয়ান সাগরে ইরানের উপকূলরেখা প্রায় ৭৫০ কিলোমিটার। এই পথগুলো দিয়ে রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে ইরানের বাণিজ্য চলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আট মাসের বেশি সময় পরও ওয়াশিংটন তেহরানের ওপর চাপ বাড়ানোর নতুন উপায় খুঁজছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

রোববার ইরানের একটি আধা-সরকারি সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, ‘আয়রন গেট পরিকল্পনা নিছক শব্দের খেলা।’ তাঁর দাবি, এই পথে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়ার লক্ষ্য যুক্তরাষ্ট্র অর্জন করতে পারবে না। তিনি বলেন, ওয়াশিংটন আগে দুই সপ্তাহের মধ্যে ইরানের অর্থনৈতিক পতনের পূর্বাভাস দিয়েছিল, কিন্তু তা ঘটেনি; তেহরান অর্থনৈতিক চাপের জন্য প্রস্তুত ছিল এবং প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে।

যুক্তরাষ্ট্রের ভেতর থেকেও উদ্যোগটির সমালোচনা এসেছে। ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করা যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের সাবেক পরিচালক জো কেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন, তখন এই ঘোষণা সেন্টকমের পক্ষ থেকে ইরানকে উত্তেজনা বাড়ানোর আমন্ত্রণ। তিনি এটিকে ‘উদ্ধত উসকানি’ বলেন এবং সতর্ক করেন যে নৌ অবরোধ কার্যকর রাখলে মার্কিন সেনারা ঝুঁকিতে থাকবে এবং আকাশে গুলি করে বিমান নামানোর মতো ঘটনা সরাসরি সামরিক যুদ্ধে ফেরত নিয়ে যেতে পারে।