চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের গলিতে একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লেখার ঘটনায় ছয় শিক্ষার্থীর লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। শুক্রবার বিদ্যালয় কর্তৃপক্ষের ডাকে অভিযুক্ত শিক্ষার্থীরা ও তাদের বাবা-মা উপস্থিত হন। শিক্ষার্থীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা প্ররোচনা থেকে নয়, ‘ইয়ার্কির ছলে’ তারা এসব লিখেছে।
বৃহস্পতিবারের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’ লেখা দেখা যায়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে পঞ্চম শ্রেণির একজন ও সপ্তম শ্রেণির চারজন শিক্ষার্থীকে শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে সপ্তম শ্রেণির আরেক শিক্ষার্থী এবং নেপথ্যে থাকা অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর নামও উঠে আসে।
জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নেজারত ডেপুটি কালেক্টর শিক্ষার্থীদের লিখিত বক্তব্য নেওয়ার সময় উপস্থিত ছিলেন। পরে তাঁরা প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জবানবন্দিতে বলেছে, ঘটনার সময় ক্যামেরার পেছনে দাঁড়িয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী তাদের এসব লিখতে নির্দেশ দিয়েছিল। প্রধান শিক্ষক বলেন, অভিযুক্তদের একজন দেয়ালে লেখার কথা স্বীকার করলেও বাকিরা দাবি করেছে, তারা শুধু সেখানে দাঁড়িয়ে ছিল এবং কী লেখা হবে তা জানত না। শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্বিমত জানিয়ে তিনি বলেন, ‘তাদের শরীরী ভাষা কিন্তু নিরপরাধ কিছু বলছিল না।’
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে কোনো মুচলেকা নেওয়া হয়নি; শুধু আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বক্তব্য পাওয়া গেলে পুরো ঘটনার সারসংক্ষেপ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। এরপর শৃঙ্খলা কমিটির সুপারিশ ও বিধিমালা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জেলা ও পুলিশ প্রশাসন বিষয়টি নিয়মিত খোঁজখবর রাখছে।