মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে ট্রলারে জড়ো হওয়া ৩৭ কিশোর-তরুণকে আদালতের নির্দেশে শনিবার কারাগার ও শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতির অভিযোগে শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের মোল্লাচর এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে কয়েকটি ট্রলারে করে বিভিন্ন বয়সী কিশোর-তরুণ ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজের কাছে জড়ো হন। অভিযোগ ছিল, তাঁরা জাহাজে উঠে নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানাজানি হলে নৌ পুলিশ ও সদর থানা-পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলার নিয়ে সরে যাওয়ার চেষ্টা করলে পুলিশের পাশাপাশি স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরাও তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে ৩৭ জনকে আটক করা হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ১১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে ট্রলারে থাকা একজনকে অন্যদের উদ্দেশে ‘পুলিশ আইছে, জিয়ার স্লোগান দেও’ বলতে শোনা যায়। অন্য একটি ভিডিওতে ছাত্রদলের নেতা-কর্মীদের আটক কয়েকজনকে কান ধরে ওঠবস করাতে এবং স্লোগান দেওয়াতে দেখা যায়। মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে ভিডিওগুলো একই ঘটনার বলে নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে আটক ৩৭ জনকে আদালতে তোলা হয়। পরিদর্শক সজীব দের তথ্য অনুযায়ী, এঁদের মধ্যে ৩৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের মুন্সিগঞ্জ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে বিচারকেরা তাঁদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। বাকি চারজন প্রাপ্তবয়স্ককে মুন্সিগঞ্জ থানার আমলি আদালতে তোলা হলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ আসে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, এর আগে ওই এলাকার আশপাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচির ঘটনা ঘটেছিল এবং সেখানে আবারও একই ধরনের কর্মসূচির চেষ্টা করা হয়। তাঁর ভাষ্য, ভিডিওতে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজেদের সরকারি দলের লোক হিসেবে জাহির করার চেষ্টা দেখা গেছে। আটক ব্যক্তিদের কেউ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, তাঁদের বিরুদ্ধে আগে মামলা আছে কি না, কিংবা নিষিদ্ধ দলের হয়ে কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা আদালতের নির্দেশে তদন্ত করে দেখা হবে। কার নির্দেশে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন, সেটিও তদন্ত করা হবে বলে জানান তিনি।
আটকের খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্বজনেরা সদর থানার সামনে ভিড় করেন। তাঁদের দাবি, সন্তানেরা বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পরিস্থিতির শিকার হয়েছেন। দশকানি এলাকার একজন মা জানান, তাঁর ছেলে দিনমজুর; শুক্রবার কাজ বন্ধ থাকায় তিনি বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন।