দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
বাণীতে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সম্মিলিত ও সর্বাত্মক অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছিল। সশস্ত্র বাহিনীর ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে উজ্জীবিত করে বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁর নেতৃত্ব ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে অবদান রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকার বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান রাষ্ট্রপতি। তাঁর ভাষ্য, পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা পরিকল্পনা, প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়াচ্ছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন।