শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সমাবেশে এমপি বুলবুল: গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার জনগণকে পাশে পাবে না

গোপালগঞ্জসহ সারা দেশের সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে জেলা জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা সরকারের সমালোচনা করেন।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জেলা শাখার উদ্যোগে শহরের পৌরপার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার জনগণকে পাশে পাবে না। তিনি দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা জনগণ মেনে নেবে না।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জুলাই আন্দোলনের মতো ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে। গোপালগঞ্জসহ সারা দেশে সহিংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বানও জানান তিনি।

জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। জেলা ও উপজেলা পর্যায়ের অন্য নেতারাও বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরপার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও মোড় প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় লোকজন অংশ নেন। বৃহস্পতিবার জামায়াত জেলায় জেলায় অনুরূপ কর্মসূচি পালন করেছে।