রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

গোদাগাড়ীতে কিশোর অটোরিকশাচালক হত্যার বিচার চেয়ে মানববন্ধন, এখনো উদ্ধার হয়নি অটোরিকশা

নিখোঁজের চার দিন পর ধানখেতে মরদেহ মেলা ১৫ বছর বয়সী অটোরিকশাচালকের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার চেয়ে গোলচত্বরে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

রাজশাহীর গোদাগাড়ীতে অটোরিকশাচালক এক কিশোরকে হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী গোলচত্বরে ‘গোদাগাড়ীর সর্বস্তরের সাধারণ মানুষ’–এর ব্যানারে এ কর্মসূচি হয়। এতে নিহত কিশোরের পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা–কর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। তাঁরা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি, গোদাগাড়ীর সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমামিম মবিন, জেলা যুবদলের সদস্য নুর আলম সরকার এবং সমাজ ও মানবকল্যাণ সংগঠনের মহাসচিব নুরে আলম অহিদ।

বক্তারা বলেন, ১৫ বছর বয়সী ওই কিশোর অটোরিকশা চালিয়ে অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতেন। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাই করেছে। এতদিন পরও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার হয়নি, জড়িতদেরও গ্রেপ্তার করা যায়নি—এটি উদ্বেগজনক বলে মন্তব্য করেন তাঁরা।

বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অটোরিকশা উদ্ধার এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবারের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানান তাঁরা।

স্থানীয় সূত্র জানায়, গত ২৭ অক্টোবর জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ওই কিশোর নিখোঁজ হন। নিখোঁজের চার দিন পর, ৩১ অক্টোবর গোদাগাড়ীর কলিপুর এলাকায় সড়কের পাশের একটি ধানখেত থেকে পুলিশ তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। নিহত কিশোর গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া মহল্লার বাসিন্দা।