শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজস্ব আয় বাড়ানো ও জ্বালানি খাতের সংস্কার হলে জিডিপি প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উঠতে পারে: বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব আয়, ভর্তুকি ও ব্যয়ের দক্ষতা এবং জ্বালানির মূল্য নির্ধারণে সংস্কার হলে প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব।

অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকির সঠিক লক্ষ্য নির্ধারণ, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং জ্বালানির মূল্য নির্ধারণব্যবস্থায় সংস্কার করা গেলে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনের তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে রাজস্ব আয় কমেছে, সরকারের পরিচালন ব্যয় বাড়ছে এবং জ্বালানি খাতে আর্থিক চাপ বাড়ছে। এসব কারণে উন্নয়ন ব্যয় সংকুচিত হচ্ছে; বিশেষ করে মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে কর ছিল জিডিপির ৬ দশমিক ৮ শতাংশ আর মোট রাজস্ব আয় ছিল জিডিপির ৮ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকের কম। সরকারি মূলধনি ব্যয় ২০২২ অর্থবছরে জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থাকলেও ২০২৫ অর্থবছরে তা ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। শিক্ষা খাতে ব্যয় ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশ। সুদ পরিশোধের ব্যয় ২০১৭ অর্থবছরের ১ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২৬ অর্থবছরে আনুমানিক ২ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৮ অর্থবছরে জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ ছিল, ২০২৫ অর্থবছরে তা ১ দশমিক ৫ শতাংশে উঠেছে; বিশ্ববাজারে জ্বালানির সাম্প্রতিক মূল্যবৃদ্ধিতে এই ভর্তুকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

কর্মসংস্থান নিয়েও উদ্বেগ জানিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মক্ষম বয়সী নারীদের প্রতি পাঁচজনের তিনজনই শ্রমশক্তির বাইরে এবং মোট কর্মীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন।

সুপারিশ হিসেবে প্রতিবেদনে কর নীতি প্রণয়ন ও কর প্রশাসনের কাজ আলাদা করা, ডিজিটাল ব্যবস্থার সমন্বয়, করদাতাদের জন্য একক পরিচিতি নম্বর চালু, কর অব্যাহতি কমানো এবং প্রকৃত ব্যয় বিবেচনায় নিয়ে নিয়মভিত্তিক জ্বালানি মূল্য নির্ধারণব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। ২০২২ অর্থবছরে কর অব্যাহতির পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা ওই বছরের মোট কর রাজস্বের প্রায় সমান। ২০৩৪ সালের মধ্যে এক লাখ কোটি ডলারের অর্থনীতি গড়ার সরকারি লক্ষ্য অর্জনেও এসব সংস্কার জরুরি বলে মত দিয়েছে সংস্থাটি।