দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস। সোমবার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, সোমবার রাত ১২টায় বর্তমান অপারেটর সাইফ পাওয়ারটেকের কাছ থেকে টার্মিনালটির দায়িত্ব বুঝে নেবে এভারেস্ট। আগামী ২৩ মে পর্যন্ত তারা সিসিটি পরিচালনা করবে। ছয় মাসের চুক্তিমূল্য ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা।
এর আগে রোববার নৌপরিবহন মন্ত্রণালয় এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগের অনুমোদন দেয়। এরপর বন্দর ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে চুক্তি সই হয়। বন্দর কর্তৃপক্ষের পক্ষে চুক্তিতে সই করেন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান আর এভারেস্টের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক সাফায়াত হোসেন।
এভারেস্ট পোর্ট সার্ভিসেস লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান। এ বিষয়ে জানতে চাইলে শাহাদাত হোসেন সেলিম বলেন, সর্বনিম্ন দরদাতা হিসেবে তাঁদের পারিবারিক প্রতিষ্ঠানটি ছয় মাসের জন্য সিসিটির অপারেটর হিসেবে নির্বাচিত হয়েছে। বন্দরে কাজ করার ৪০ বছরের অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠানটির। তিনি আশা প্রকাশ করেন, বন্দরের সুনাম অক্ষুণ্ন রেখে তাঁরা কাজ চালিয়ে যেতে পারবেন।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এত দিন প্রতিযোগিতামূলক দরপত্রে টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হয়। নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় জরুরি ভিত্তিতে আরও তিন সপ্তাহ সাইফ পাওয়ারটেককে কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল। এর মধ্যে ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগে ১৭ নভেম্বর সীমিত দরপত্র আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। ১৯ নভেম্বর চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকার দর দেয় এভারেস্ট। মূল্যায়ন শেষে প্রতিষ্ঠানটিকেই কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।