রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রয়াত, বয়স ৭৭

দীর্ঘদিন পারকিনসন রোগে ভোগা পূরবী বসুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত।

বিশিষ্ট কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে স্থানীয় সময় শুক্রবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরেই তিনি নানা রোগে ভুগছিলেন। ১০ বছরের বেশি সময় ধরে তিনি পারকিনসন রোগে আক্রান্ত ছিলেন। কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন; পরে স্ট্রোকের কারণে তাঁর হাঁটাচলা সীমিত হয়ে আসে। জ্যোতিপ্রকাশ দত্ত জানান, শেষ মাসগুলোতে ফ্লোরিডার বাসায় বাগান পরিচর্যাতেই বেশি সময় কাটাতেন তিনি। মৃত্যুর সময় স্বামী ছাড়াও মেয়ে জয়িশা দত্ত ও ছেলে দীপন দত্ত পাশে ছিলেন।

বিজ্ঞানী থেকে কথাসাহিত্যিক

১৯৪৯ সালে মুন্সিগঞ্জে জন্ম নেওয়া পূরবী বসু জীবনের বড় অংশ কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি নেওয়ার পর পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিজৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি করেন। কর্মজীবনে মূলত গবেষণায় যুক্ত ছিলেন; কর্নেল বিশ্ববিদ্যালয় ও নিউইয়র্কের স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। মাঝে কয়েক বছর বাংলাদেশে বেক্সিমকো ও ব্র্যাকেও দায়িত্ব পালন করেন।

বিজ্ঞানী পরিচয়ের চেয়ে নিজেকে লেখক হিসেবে পরিচয় দিতেই বেশি ভালোবাসতেন তিনি। নারীবাদী লেখক হিসেবে পরিচিত হলেও নিজেকে কোনো মোড়কে আটকে রাখতে চাইতেন না। ২০০৭ সালের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নারীর অধিকার তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে যেকোনো মানুষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাই তাঁর গল্পের প্রেরণা হয়ে উঠতে পারে।

লেখালেখি ও সাহিত্য-সংগঠন

জীবনের অধিকাংশ সময় বিদেশে কাটালেও তাঁর কথাসাহিত্যের পটভূমি ও আবেগের কেন্দ্রে ছিল বাংলাদেশ। এর প্রমাণ মেলে ‘আজন্ম পরবাসী’, ‘জোছনা করেছে আড়ি’ ও ‘দিনরাত্রির ছায়াঘর’ গল্পগ্রন্থে। বিজ্ঞানবিষয়ক বইয়ের মধ্যে উল্লেখযোগ্য ‘নারী, সৃষ্টি ও বিজ্ঞান’ এবং ‘আমার এ দেহখানি’।

অসাম্প্রদায়িক চেতনা ছিল তাঁর সাহিত্যভাবনার কেন্দ্রীয় বিষয়। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্রমাবনতিতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন। প্রবাসী লেখকদের অসাম্প্রদায়িক বোধে উদ্বুদ্ধ করতে স্বামী জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে গড়ে তুলেছিলেন ‘বিশ্ব বাঙলা সাহিত্য সমাবেশ’। নিউইয়র্কে থাকার সময়ও তাঁরা অভিবাসী বাঙালি লেখকদের নিয়ে মাসিক সাহিত্য সভার আয়োজন করতেন। বাংলাদেশের প্রতিষ্ঠিত অনেক লেখক সেই সাহিত্য আসর থেকেই উঠে এসেছেন।