ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের সময়সীমা বাড়ছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আবেদনের সময় আরও দুই দিন বাড়ানো হবে। সোমবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লিখেছেন।
বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর থেকে। আবেদনের সর্বশেষ তারিখ ২৫ নভেম্বর, ওই দিন রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরও দুই দিন সময় বাড়লে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২৭ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটেও সময় বাড়ানোর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী বিভিন্ন ইউনিটের পরীক্ষা ডিসেম্বরে হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।