রাজশাহীর পবা উপজেলায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই অনুষ্ঠানে তিনি পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার ১০ জন উদ্যোক্তা ও খামারির হাতে মোট ১০ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় পবার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ কর্মসূচি হয়। যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে “দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)” প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈব সার উৎপাদন করতে পারবেন। যুব ঋণের সঠিক ব্যবহার খামার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তাঁর ভাষ্য, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ও খামারিদের স্বাবলম্বী করতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার।
যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় এ ঋণ দেওয়া হয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও খামার সম্প্রসারণের জন্য। ঋণ পাওয়াদের মধ্যে পুঠিয়ার তিনজন প্রত্যেকে এক লাখ টাকা এবং বাঘার তিনজন প্রত্যেকে এক লাখ ২০ হাজার টাকা করে পেয়েছেন। বাগমারার দুজন এক লাখ টাকা করে এবং বাকি দুজন ৮০ হাজার টাকা করে ঋণ পেয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং বায়োগ্যাস প্রকৌশলী মো. মাহাফুজুর ইসলাম স্বাগত বক্তব্য দেন।
এ সময় পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।