রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপরও তিনি গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হয়েছে। এর প্রভাব স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগের ওপরও পড়তে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
আলোচনায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়গুলোও উঠে আসে। দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তায় জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
এর আগে একই সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে ঋণের বদলে অনুদানের আহ্বান জানিয়েছেন।